রাজধানীতে পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে দুইজন, ঢামেকে ভর্তি

৩০ এপ্রিল, ২০২৬

রাজধানীর বাড্ডা এলাকায় পৃথক দুটি ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মালয়েশিয়া প্রবাসীসহ দুই ব্যক্তি সর্বস্ব খুইয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাগুলো ঘটে। আহতদের একজন মো. সোলাইমান (৩৭), অপরজন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (প্রায় ৫৫)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সোলাইমানের চাচাতো ভাই রনি জানান, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকার বাসিন্দা সোলাইমান সকালে গুলশান বারিধারায় মালয়েশিয়া দূতাবাসে যাওয়ার পথে রাইদা পরিবহনের একটি বাসে ওঠেন। পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে বাড্ডার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে তাকে বাস থেকে নামিয়ে ঢামেকে নেওয়া হয়। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।

এদিকে একই দিন দুপুরে উত্তর বাড্ডায় ভিক্টর পরিবহনের একটি বাসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি অচেতন হয়ে পড়েন। বাসের যাত্রী শাকিল ও ওমর ফারুক তাকে উদ্ধার করে বিকেল পৌনে তিনটার দিকে ঢামেকে ভর্তি করেন। তার কাছ থেকে কোনো কিছু পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগে তাদের পাকস্থলী পরিষ্কার করে মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে।