০১ মে, ২০২৬
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সকালে বন্দর থানাধীন ফরাজিকান্দা এলাকার প্রধান ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি মোসা. খাদিজা আক্তার (২৮)। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার চিংগাখালী এলাকার বাসিন্দা।
বর্তমানে ফতুল্লার মাসদাইর ঘোষবাগ জামালের গ্যারেজ এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জোনের ওসি মো. সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় এক নারী সাদা রঙের প্লাস্টিকের বস্তা নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে নারী কনস্টেবলের সহায়তায় তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ১২টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন জানান, গ্রেফতার খাদিজা এলাকার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বন্দর ও ফতুল্লা থানায় আটটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।