মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ড

০১ মে, ২০২৬

 

মুন্সীগঞ্জ সদর উপজেলার মানিকপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ভবনটি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শুক্রবার (১ মে) দুপুর আড়াইটার দিকে মোবাইল ফোনে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুনের উৎস ছিল মানিকপুর এলাকার মানিক ব্যাপারীর পাঁচতলা ভবনের নিচতলা।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং স্বল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা ভবনের বাসিন্দাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ভবনের ১০টি বৈদ্যুতিক মিটার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।