০২ মে, ২০২৬
ঐতিহাসিক ১ মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১ মে সকালে চাষাঢ়া হকার্স মার্কেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খাঁন। তিনি বলেন, "১৮৮৬ সালে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজ লক্ষ লক্ষ মানুষ কর্মহীন। প্রতিটি শ্রমজীবী মানুষকে আমরা আল্লাহর বন্ধু হিসেবে গড়ে তুলতে চাই। এ দেশে কোরআনের বিধান ও আইন চালু করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।"
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারলেই মে দিবসের আন্দোলন সফল হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, "ইসলামী শ্রমনীতি কায়েমের কোনো বিকল্প নেই। "
নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, "আন্তর্জাতিক শ্রমিক দিবসের মূল আহ্বান বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। শ্রমিকদের দাবি না মানলে আগামী দিনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"