তালাবদ্ধ ঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

০২ মে, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) রাতে পৌর শহরের আরামবাগ এলাকার ‘মাওলানা মঞ্জিল’ নামক একটি বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরামবাগ এলাকার ওই বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চলছে, এমন গোপন সংবাদ ছিল পুলিশের কাছে। এর ভিত্তিতে মঠবাড়িয়া থানার একটি বিশেষ দল মাওলানা মো. নাসিরের মালিকানাধীন ওই বাড়িতে অভিযানে যায়। তল্লাশির একপর্যায়ে ওই বাড়ির ভাড়াটিয়া সাজেদুল রহমান মজিদের তালাবদ্ধ কক্ষ থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও বলেন, মঠবাড়িয়াকে মাদকমুক্ত করতে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।