যুক্তরাষ্ট্রের জাতীয় পুরস্কার জিতলেন চট্টগ্রামের সন্তান সামিন নূর

০২ মে, ২০২৬

নিউট্রন ইমেজিং গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য চট্টগ্রামের সন্তান মোহাম্মদ সামিন নূর চৌধুরী যুক্তরাষ্ট্রভিত্তিক ‌‘নিউট্রন স্ক্যাটারিং সোসাইটি অফ আমেরিকা’ থেকে ২০২৬ সালের ‘উৎকৃষ্ট শিক্ষার্থী গবেষণা পুরস্কার’ অর্জন করেছেন।

তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পারডু বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী। ​এই আন্তর্জাতিক অর্জন শুধু তার পরিবারের জন্যই নয়, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের মেধা ও সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছেন।

পরিবার সূত্রে জানা যায়, হাইপারস্পেক্ট্রাল নিউট্রন কম্পিউটেড টোমোগ্রাফি (নিউট্রন সিটি) দ্রুততর করার জন্য পরিসংখ্যানভিত্তিক অ্যালগরিদম এবং ত্রিমাত্রিক স্ট্রেইন ম্যাপিংয়ের উন্নত পদ্ধতি উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

তার গবেষণার মাধ্যমে নিউট্রনভিত্তিক স্ক্যান থেকে আরও সূক্ষ্ম ও বিস্তারিত চিত্র তৈরি করা সম্ভব হচ্ছে, যা চাপের মধ্যে থাকা পদার্থের অভ্যন্তরীণ আচরণ বিশ্লেষণে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে, নিউট্রন ইমেজিং এমন একটি আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে বস্তুর অভ্যন্তর এমনভাবে দেখা যায় যা প্রচলিত ইমেজিং পদ্ধতিতে প্রায় অসম্ভব। সামিন নূর চৌধুরীর কাজ এই প্রযুক্তিকে আরও দ্রুত, কার্যকর ও নির্ভুল করে তুলেছে, যা উন্নত উৎপাদন, প্রকৌশল ও পদার্থবিজ্ঞানের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সামিন নূর বলেন, এই স্বীকৃতি তার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি এমন একটি কাজকে সম্মানিত করেছে, যার বাস্তব প্রয়োগ রয়েছে। তিনি তার উপদেষ্টা অধ্যাপক চার্লস বাউম্যান, অধ্যাপক গ্রেগরি বাজার্ড এবং ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান ।

প্রতি দুই বছর অন্তর অন্তর অনুষ্ঠিত ‘আমেরিকান কনফারেন্স অন নিউট্রন স্ক্যাটারিং’-এর অংশ হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। ২০২৬ সালের সম্মেলন আগামী ১২ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে অনুষ্ঠিত হবে। সামিন নূর ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করবেন।

অনুষ্ঠানে তিনি বক্তব্যও রাখবেন। পুরস্কারের প্রাইজমানি হিসেবে তিনি ১,০০০ মার্কিন ডলার সম্মাননা, একটি স্মারক ফলক এবং সমপরিমাণ ভ্রমণ অনুদান পাবেন।

সামিন নূর চৌধুরী চট্টগ্রামের কৃতী সন্তান। তিনি চট্টগ্রামের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. নুরুল আমীন চৌধুরী ও তাহমিনা পারভীন এর বড় ছেলে। তার দাদা চট্টগ্রামের পটিয়ার মনসা গ্রামের সম্মানিত ব্যক্তিত্ব মরহুম আমির হামজা চৌধুরী এবং তার নানা চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাবিদ মরহুম এ কে মাহমুদুল হক। এ কে মাহমুদুল হক চট্টগ্রামের জামালখানে এবং পটিয়ায় স্বনামধন্য চিটাগাং আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন।

সামিন নূর ২০০৮ সালে চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, ২০১০ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি এবং পরে বুয়েট থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।