০২ মে, ২০২৬
লক্ষ্মীপুরের কমলনগরে মাত্র ১ মাসের শিশু সন্তানকে রেখে বাড়ি থেকে উধাও হয়ে গেছেন এক গৃহবধূ। নবজাতকের কান্নায় বিপাকে পড়েছেন বাবা।
বাবা রাতুল ইসলাম রাফি উপজেলার চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুর হোসেনের ছেলে। অন্যদিকে ১ মাসের শিশুকে রেখে চলে যাওয়া মা হলেন ইশরাত জাহান মারিয়া।
সে হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জাকেরের মেয়ে।
জানা গেছে, উপজেলার চরলরেন্স ইউনিয়নের রাতুল ইসলাম রাফি প্রেম করে ২০২৪ সালের ১১ ডিসেম্বর হাজিরহাট ইউনিয়নের ইশরাত জাহান মারিয়াকে বিয়ে করেন। গত ১ এপ্রিল তাদের ঘরে একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে, যার নাম রাখা হয় রিক্তা আক্তার।
শিশুটির বাবা রাতুল ইসলাম রাফি জানান, বৃহস্পতিবার ৩০ (এপ্রিল) সকালে টিকার কার্ড আনার কথা বলে মারিয়া তার বাবার বাড়িতে চলে যান।
এরপর থেকে তিনি আর স্বামীর বাড়িতে ফেরেননি। দুই দিন পার হয়ে গেলেও ওই গৃহবধূ ফিরে না আসায় মায়ের সান্নিধ্য না পেয়ে শিশুটি অঝোরে কান্নাকাটি করছে। তিনিসহ পরিবারের অন্যরা শত চেষ্টা করেও তার কান্না থামাতে পারছে না।
দিনমজুর স্বামী রাফির অভিযোগ, তার স্ত্রীর হঠাৎ এই পরিবর্তনের পেছনে তার শাশুড়ির বান্ধবী রেহানা নামের এক প্রতিবেশী দায়ী।
স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা থাকাকালে রেহানা তাকে গর্ভপাত করাতে চাপও দিয়েছিলেন।
স্বামী রাফি বলেন, ‘তার স্ত্রী ও পরিবারের কাছে অবুঝ শিশুটির আশ্রয় চেয়েও পাচ্ছেন না। স্ত্রী আমার সংসার না করলেও আপত্তি নেই, কিন্তু অবুঝ শিশুটির কী দোষ? তাকে কেন শাস্তি দিচ্ছে তারা।’
এ বিষয়ে বক্তব্য জানতে স্ত্রী মারিয়া ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।
হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওযার্ডের ইউপি সদস্য দিলীপ বিশ্বাস বলেন, ‘স্বামীর পরিবারের অভিযোগ শুনে স্ত্রীর পরিবারের কাছে বিষয়টি জানার চেষ্টা করেছি।
রেহানা নামের এক ম্যাডাম মারিয়াকে তার বাপের বাড়িতে পৌঁছে দিয়েছেন বলে জানতে পেরেছি।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলমের কাছে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন কোনো বক্তব্য দিতে পারবে না।’