কুমিল্লায় করাতের আঘাতে প্রাণ গেল শ্রমিকের

০২ মে, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মো. মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২ মে) বুড়িচং পৌরসভার জগতপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত মোস্তাক মিয়া বুড়িচং পৌরসভার জগতপুর গ্রামের আবদুস ছামাদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, জগতপুর গ্রামের কনু মিয়া চুক্তিভিত্তিক গাছ কাটার কাজের জন্য একই গ্রামের জসিম, সুমন ও মোস্তাক মিয়াকে বিদ্যালয়ে নিয়ে যান। গাছ কাটার একপর্যায়ে ইলেকট্রিক করাতের নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তাক মিয়ার গলায় আঘাত লাগে। এতে তার গলার বেশিরভাগ অংশ কেটে যায়। সহকর্মীরা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জাহিদ হাসান জানান, ইলেকট্রিক করাতের আঘাতে তার গলার অধিকাংশ কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, হাসপাতালে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে।