০৩ মে, ২০২৬
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কালবৈশাখীর ঝড়ে গাছচাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রাজপাশা গ্রামের নাঙ্গলের খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারুল বালা (৮০) ওই গ্রামের লক্ষীকান্ত সমাদ্দারের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের নাঙ্গলের খালে গোসল করতে যান পারুল বালা। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ের তীব্রতায় খালের পাড়ের একটি বড় গাছ ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে একই দিনের কালবৈশাখী ঝড়ে পিরোজপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জায়গায় গাছপালা উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। শহরের শেখপাড়া, মাছিমপুর ও সার্কিট হাউস সড়কসহ কয়েকটি এলাকায় বড় গাছ পড়ে বরিশাল-পিরোজপুর-খুলনা মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় গাছ কেটে সড়ক পরিষ্কার করেন এবং যান চলাচল স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছেন।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ঝড়ে অন্তত অর্ধশত গাছ ভেঙে বৈদ্যুতিক খুঁটি ও তারের ওপর পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ চালু করার চেষ্টা চলছে।