মেঘনার শাখা নদীতে ট্রলার ডুবি, দুই জেলে নিখোঁজ

০৩ মে, ২০২৬

বরিশালের মেঘনার শাখা নদীতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন।  

শনিবার বিকেলে হিজলা উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকায় মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন—হিজলা উপজেলার ধুলখোলার পালপাড়া উত্তরের চর গ্রামের আলম মাইলতার ছেলে মো. শিপন মাইলতা (২২) ও একই এলাকার রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২৩)।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, চার জেলে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার নিয়ে নদীর মাঝখানে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক ঝড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা মামুন হোসেন (১৩) ও আজিম হাওলাদার (১১) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিপন ও জুয়েল নিখোঁজ হন।

নিখোঁজ দুই জেলের সন্ধানে নদীতে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন নৌ-পুলিশের এ কর্মকর্তা।