০৩ মে, ২০২৬
প্রতি বছরের ধারাবাহিকতায় আবারও শুরু হয়েছে কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ প্রথম দিনের খেলায় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দৈনিক যুগান্তর, এখন টিভি, দীপ্ত টিভি, বাংলা ভিশন, দৈনিক কালের কণ্ঠ, দ্য ডেইলি স্টার, ক্রিকফ্রেঞ্জি ও এনটিভি। আগামীকাল সকাল ১০টায় ঢাকা পোস্ট মুখোমুখি হবে দৈনিক মানবজমিনের।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমি আপনাদেরই একজন। আপনারা হয়তোবা মাঠে বসে লেখার মাধ্যমে আপনাদের কাজ করছেন। আর আমরা এই মাঠে খেলে আপনাদেরকে লেখার সেই সুযোগটি তৈরি করে দিয়েছি।’
‘আমাদের বর্তমান সরকারের যে ক্রীড়াঙ্গন নিয়ে যে কর্মপরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনায় আপনারাও আমার সহযোদ্ধা। আপনারাও আমার সাথে একসাথে কাজ করবেন, আমিও আপনাদের সাথে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। আমি এই কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করছি।’
বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মধ্যেও ফুটবল টুর্নামেন্ট আয়োজন ও খেলা ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেন।
স্পন্সর প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের পক্ষ থেকে ছিলেন হেড অব মিডিয়া এন্ড রিসার্চ ফেরদৌসুল ইসলাম ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদিব বিন শহীদ। তারা পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিএসজেএ সাধারণ সম্পাদক এসএম সুমন ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি টুর্নামেন্ট নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।