৩৫তম রিফ্রেশার্স কোর্সের ১০০ শিক্ষকের তালিকা প্রকাশ

০৪ মে, ২০২৬

মাধ্যমিক স্কুল, মাদ্রাসা (দাখিল) ও কারিগরি (ভোকেশনাল) শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শারীরিক শিক্ষার শিক্ষকদের জন্য ৩৫তম রিফ্রেশার্স কোর্স আগামী ৮ মে থেকে শুরু হচ্ছে। সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ চলবে ১৪ মে পর্যন্ত।

চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ, হালিশহরে অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ১০০ জন শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার (৪ মে) মাউশির এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণার্থীদের টি.এ/ডি.এ শারীরিক শিক্ষা বিভাগ বহন করবে। প্রশিক্ষণে যোগদানের সময় বাস ও ট্রেনের টিকিট সংরক্ষণ করে তা টি.এ বিলের সঙ্গে জমা দিতে হবে, তবে এসি টিকিট গ্রহণযোগ্য নয়।

এছাড়া প্রশিক্ষণকালীন কলেজে অবস্থানের জন্য অংশগ্রহণকারী শিক্ষকদের প্রয়োজনীয় বিছানাপত্র যেমন বালিশ, কাঁথা, তোষক, মশারি ও বিছানার চাদর সঙ্গে আনতে বলা হয়েছে।