০৪ মে, ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল ঘোষণার উত্তেজনার মধ্যেই শোক সংবাদ দিলেন টালিউড অভিনেতা ও সংসদ সদস্য দেব। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের সঙ্গী, আদরের পোষ্য কুকুর ‘লাকি’ আর নেই। এই দুঃসংবাদই সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি। সোমবার (৪ মে) সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
দেবের দুই পোষ্য—লাকি এবং হ্যাপি। দুই পোষ্যকে নিজের সন্তানই ভাবতেন দেব। স্বাভাবিকভাবেই এই ঘটনায় খুবই মনখারাপ তার।
সোমবার সকালে, যখন পশ্চিমবঙ্গজুড়ে নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে হৃদয়ভাঙা খবরটি জানান তিনি। প্রিয় পোষ্যের সঙ্গে কাটানো স্মৃতিময় কিছু ছবি শেয়ার করে আবেগঘন বার্তায় লেখেন, ‘তুমি আমার জীবনের সেরা পাওনা। তাড়াতাড়ি ফিরে এসো আমার জীবনে।’
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, লাকি শুধুই একটি পোষ্য ছিল না-সে ছিল পরিবারেরই একজন সদস্য। অভিনয় ও রাজনীতির ব্যস্ততার মাঝেও বাড়িতে ফিরলেই লাকির সান্নিধ্য যেন ক্লান্তি ভুলিয়ে দিত তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই এই প্রিয় সঙ্গীর নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন তিনি।
এই তারকার জীবনে এমন ব্যক্তিগত শোকের ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও। অনেকেই মনে করছেন, প্রিয় পোষ্যকে হারানোর বেদনার কাছে সব অর্জনই যেন ম্লান।