সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইটের উদ্বোধন

০৪ মে, ২০২৬

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইটের উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেছে সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট। এবার সিলেট থেকে হজ যাত্রী ও ফ্লাইট দুটোই বেড়েছে বলে জানিয়েছেন হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ-হাব সিলেটের নেতৃবৃন্দ।

হাব সিলেটের সেক্রেটারি আবদুল কাদির জানান, এবছর সিলেট থেকে ৩ হাজার ৩৯৪ জন যাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এর মধ্যে ২ হাজার ৯৩৩ জন সিলেট থেকে সরাসরি ফ্লাইটে ও বাকি ৪৬১ জন সিলেট থেকে ঢাকা হয়ে সৌদি আবর গমণ করবেন। 

আবদুল কাদির আরও জানান, সিলেট থেকে রবিবার রাতে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছে। বাকি ৬টি ফ্লাইট যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭ (২টি ফ্লাইট) ও ১৮ মে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবে। সিলেটের যাত্রীরা ফেরার সময় সরাসরি ফিরবেন।
হাব নেতারা জানান, সিলেট থেকে ২ হাজার ৬শ’ হজ যাত্রী ৫টি ফ্লাইটে সৌদি আরব গিয়েছিলেন। এবার ৭৯৪ জন হজ যাত্রী ও ২টি ফ্লাইট বেড়েছে। 

এদিক, প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে গতকাল রবিবার রাত ৯টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি।