০৪ মে, ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) উচ্ছেদকর্মীদের ওপর হকারদের হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার নূর মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এই হামলার ঘটনায় সিটি করপোরেশনের ৬ জন উচ্ছেদকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। আহতদের মধ্যে দুজন হলেন- জাহাঙ্গীর এবং রুহুল। তাৎক্ষণিকভাবে বাকিদের নামা জানা যায়নি।
আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকেলে প্রতিদিনের মতো শহরের সড়কগুলোতে হকার উচ্ছেদে কাজ শুরু করেন সিটি করপোরেশনের উচ্ছেদকাজে নিয়োজিত কর্মীরা। এ সময় শহরের প্রেসক্লাবের সামনে হকাররা একটি মিছিল নিয়ে তাদের ওপরে হামলা চালায়। তাদের মারধরে জাহাঙ্গীর ও রুহুল নামে দুই কর্মচারীসহ অন্তত পাঁচ থেকে ছয়জন আহত হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এটা হকারদের বাড়াবাড়ি। তাদের বিষয়ে আমরা চিন্তা করছি। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও বলেছি। সেই পর্যন্ত তারা যদি ধৈর্য না রাখে, সেটা আইনের পরিপন্থী। তারা হামলা করে আইনের ব্যত্যয় ঘটিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।