০৫ মে, ২০২৬
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে খেলা সব ক্রিকেটারের জন্য আসছে একটি আধুনিক ও সুন্দর লাউঞ্জ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল এই উদ্যোগ নিয়েছেন।
রোববার স্টেডিয়ামে অ্যাডহক কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তামিম এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ১৭০-১৮০ জন ক্রিকেটারের জন্য এই লাউঞ্জ তৈরি করা হচ্ছে।
হোম অব ক্রিকেটের ম্যানুয়াল স্কোরবোর্ডের পাশে শহীদ আবু সাইদ স্ট্যান্ডের (সাউদার্ন স্ট্যান্ড) দ্বিতীয় তলার কর্পোরেট বক্সগুলো ভেঙে নতুন করে লাউঞ্জ বানানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সেখানে থাকবে প্রায় ২৫০ থেকে ৩০০ জনের বসার ব্যবস্থা। লাউঞ্জের সঙ্গে থাকবে সুন্দর একটি ব্যালকনি। বিশ্বের নামকরা স্টেডিয়ামগুলোতে যেমন বড় ব্যালকনি দেখা যায়, সাবেক ক্রিকেটাররা সেখানে বসে চা-কফি খেয়ে ম্যাচ উপভোগ করেন ঠিক সেই ধরনের পরিবেশ তৈরি করা হবে।
তামিম আরও বলেন, 'এটা শুধুমাত্র জাতীয় দলের ক্রিকেটারদের জন্য। এর সঙ্গে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নিজস্ব অফিসও থাকবে। জাতীয় ক্রিকেটারদের ঘর এটা। ঘরে তো তাদের জন্য জায়গা থাকতে হবে।'
প্রত্যেক জাতীয় ক্রিকেটারকে দেওয়া হবে বিশেষ কার্ড। এই কার্ড দিয়ে তারা লাউঞ্জসহ অন্যান্য সুবিধা আজীবন ব্যবহার করতে পারবেন। শুধু তারাই এখানে প্রবেশাধিকার পাবেন, অন্য কেউ নয়।
এর আগে তামিম অধিনায়কদের সম্মানে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার সব জাতীয় ক্রিকেটারের জন্য এই উদ্যোগ। তিনি বলেন, 'অনেকে ক্যাপ্টেনস কার্ড নিয়ে নাখোশ ছিলেন। তবে আমাকে একটু সময় দিতে হবে। আমি ধাপে ধাপে জিনিসগুলো গুছিয়ে আনছি।'
তামিম জানিয়েছেন, সাবেক ক্রিকেটার ও সংগঠকদের নামে স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ডের নামকরণেরও পরিকল্পনা রয়েছে।