০৫ মে, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাইয়ের প্রায় ৪ হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। এনসিপি এবং ওয়ারিয়র্স অব জুলাইয়ের একাধিক কেন্দ্রীয় নেতা এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (৫ মে) বিকেলে এনসিপি কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা এনসিপিতে নাম লেখাবেন।
যোগদান উপলক্ষে ওয়ারিয়র্স অব জুলাই নেতারা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ওয়ারিয়র্স সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান, সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মুস্তাইম বিল্লাহ হাবীবি, কোষাধ্যক্ষ মো. গোলাম আজম, কর্মসূচি প্রনয়ণ ও বাস্তবায়ন সম্পাদক মো. মর্তুজা ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির শিকদার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ওয়ারিয়র্স অব জুলাইয়ের সভাপতি মো. সালমান বলেন, বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আমরা সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি এনসিপিতে যুক্ত হওয়ার। দীর্ঘ দেড় বছর আমরা ছোট্ট সংগঠন নিয়ে লড়াই করে আসছিলাম জুলাই সনদসহ, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে। কিন্তু বর্তমান সময়ে সরকারের যে মনোভাব সেখানে আমাদের ছোট্ট সংগঠন থেকে লড়াই করে তেমন ফল মিলছে না। সব মিলিয়ে গণভোট, জুলাই সনদ, জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের সকল সংগ্রাম। আর সেই সংগ্রামকে বাস্তবে রুপান্তরিত করতে, দেশের মানুষের চাওয়া পূরণ করতে আমরা এই ঐতিহাসিক উদ্যোগ নিয়েছি।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, জুলাই যোদ্ধাদের একটি বড় অংশ এনসিপির রাজনীতিতে যুক্ত হচ্ছেন, এটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। সব শ্রেণিপেশার সব চিন্তাধারার মানুষ দেশের স্বার্থের রাজনীতিটা করতে এনসিপিকে বেছে নিচ্ছে, এটাই এই মুহূর্তের বাস্তবতা। আমরা আরও সাংগঠনিক শক্তি অর্জনের দিকে মনযোগ দেবো, মানুষের জীবনের সমস্যাগুলো সমাধানের রাজনীতিটা করে যাবো।