রাজশাহীতে ড্রাম্প ট্রাকের চাপায় পথচারী নিহতের ঘটনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর

০৫ মে, ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় ড্রাম্প ট্রাকের চাপায় আক্কাস আলী (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চারঘাট উপজেলা সদর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি ড্রাম্প ট্রাক মহাসড়কে বেপরোয়া গতিতে প্রতিযোগিতায় লিপ্ত ছিল।

বিড়ালদহ মাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দুটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আক্কাস আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা সেটিও ভাঙচুর করে। পরে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও জনতার তোপের মুখে কোনো কার্যক্রম চালাতে পারেনি।

পরবর্তী সময়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে প্রায় দুই ঘণ্টা পরে যান চলাচল পুনরায় শুরু হয়।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে উত্তেজিত স্থানীয় জনতা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।