০৫ মে, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে মীমাংসার জন্য সালিশ সভাকে ঘিরে ক্ষোভের জেরে অভিযুক্তের মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
গত ২ মে বিকাল তিনটার দিকে উপজেলার শাহবাজপুর দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, দিঘীর পূর্বপাড়া এলাকার ফজল হকের ছেলে জুবায়েদ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।
দিঘীর পশ্চিমপাড় অতিক্রম করার সময় স্থানীয় দিলবাহারের মেয়ে মারিয়া (৫) ধাক্কায় গুরুতর আহত হয় পড়ে। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে তার মৃত্যু হয়।
বিষয়টি মীমাংসার জন্য গতকাল সোমবার বিকালে একটি সালিশের আয়োজন করা হয়। সালিশে উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর জামাল, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজ্জি, আমান মুন্সি, ঠিকাদার মনির, জুয়েলসহ আরও অনেকেই।
বৈঠকে অভিযুক্ত জুবায়েদের পক্ষ থেকে নিহত শিশুর পরিবারকে চার লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে নিহতের পরিবার এ প্রস্তাব প্রত্যাখ্যান করে।
বৈঠকের একপর্যায়ে অভিযুক্ত পক্ষের একজনের উসকানিমূলক বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিক্ষুব্ধরা অভিযুক্তের মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূইয়া বলেন, দুর্ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, স্থানীয় লোকজনের মাধ্যমে মীমাংসা করে মরদেহ দাফন করা হয়েছে।