০৫ মে, ২০২৬
চাঁদপুরের কচুয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে টাস্কফোর্সের বিশেষ ব্লক-রেইড অভিযানে মাদক সেবন ও কারবারের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
মঙ্গলবার (৫ মে) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ ও টাস্কফোর্সের সদস্যরা অংশ নেন।
দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. শরিফ হোসেন (৩০), আরিফ হোসেন (২৮), মির হোসেন (৬০), আলমগীর হোসেন (৪৬) এবং সিউলি বেগম (৪০)। তাদের সবার বাড়ি উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, ভ্রাম্যমাণ আদালত শরিফ হোসেন ও আরিফ হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
মির হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আলমগীর হোসেন ও সিউলি বেগমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন অধিদফতরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান এবং উপ-পরিদর্শক মো. সোহেল রানা।
সহকারী পরিচালক মু. মিজানুর রহমান বলেন, অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের মাদক সেবনরত ও কারবারে জড়িত অবস্থায় পাওয়া যায়।
এ সময় তাদের কাছ থেকে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।