ঢাকায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ মিলল হবিগঞ্জে

০৫ মে, ২০২৬

 

হবিগঞ্জের মাধবপুর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফরহাদ হোসেন ওরফে মাহিরের (২৩) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানী ঢাকার উত্তরখান চানপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। ঘটনার চার দিন পর আজ মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার আনন্দউড়া ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফরহাদ ঢাকার উত্তরখান এলাকার আবদুল আউয়ালের ছেলে।

তিনি বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা শাখার শিক্ষার্থী। গত ৩০ এপ্রিল রাতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরহাদ। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে তাকে পাওয়া যায়নি।

জানা গেছে, ফরহাদের নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৃদুল সরকার (২০) নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী, আজ ঢাকার বাড্ডা থানা-পুলিশ ও হবিগঞ্জের মাধবপুর থানা-পুলিশ উপজেলার আনন্দউড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি ঝোঁপ থেকে ফরহাদের মরদেহ উদ্ধার করে। পরে ফরহাদের ভাই আরিফ হোসেন মরদেহটি শনাক্ত করেন।

গ্রেফতার মৃদুল সরকারকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিখোঁজের দিন সন্ধ্যায় ফরহাদ হোসেনকে কৌশলে রাজধানীর আফতাবনগরের একটি বাসায় নিয়ে যাওয়া হয়।

এরপর সেখানে নির্যাতন করে কাবে হত্যা করা হয়। ১ মে মরদেহটি গুম করার উদ্দেশ্যে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া হয়ে মাধবপুরের ওই স্থানে ফেলে আসা হয়। ব্যক্তিগত দ্বন্দ্ব ও পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।