বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

০৫ মে, ২০২৬

কোরবানির ঈদকে সামনে রেখে চামড়া খাতে ঋণ সুবিধায় উল্লেখযোগ্য শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ঋণ পুনঃতফসিল করা ব্যবসায়ীরা এখন নতুন ঋণ নিতে গেলে বকেয়া ঋণের নির্দিষ্ট অংশ বা ‘কম্প্রোমাইজ’ পরিশোধের বাধ্যবাধকতা থেকে সাময়িকভাবে মুক্ত থাকবেন।

মঙ্গলবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশীয় কাঁচামালভিত্তিক চামড়া শিল্প একটি গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী খাত। জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং মূল্য সংযোজনে এ খাতের অবদান গুরুত্বপূর্ণ। বিশেষ করে বছরে সংগৃহীত কাঁচা চামড়ার বড় অংশই আসে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু থেকে।

আসন্ন ২০২৬ সালের ঈদুল আজহাকে সামনে রেখে কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রমে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ব্যবসায়ী-গ্রাহক সম্পর্ক বিবেচনায় নিয়ে উদ্যোক্তাদের জন্য চলতি মূলধন ঋণের সীমা অনুমোদন ও দ্রুত বিতরণে গুরুত্ব দিতে বলা হয়েছে। পাশাপাশি ঋণের অর্থ যেন তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের কাছেও পৌঁছায়, সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, পূর্বের ঋণ পুনঃতফসিল করা গ্রাহকরা ঈদের আগে নতুন ঋণ গ্রহণের ক্ষেত্রে বকেয়ার অংশ পরিশোধের পূর্বশর্ত ছাড়াই সুবিধা পাবেন। এই বিশেষ ছাড় আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া ২০২৬ সালের জন্য চামড়া খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যমাত্রা কোনোভাবেই আগের বছরের তুলনায় কম রাখা যাবে না। নির্ধারিত লক্ষ্যমাত্রা এবং এর বাস্তবায়ন অগ্রগতি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক-এ জমা দিতে হবে।