বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে মোদিকে অভিনন্দন ট্রাম্পের

০৬ মে, ২০২৬

টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকা তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি। এই বিজয়ে দলটির সংসদীয় সভাপতি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই জানান, ‘প্রেসিডেন্ট (ট্রাম্প) ভারতের প্রধানমন্ত্রী মোদিকে এই সাম্প্রতিক, ঐতিহাসিক ও নিষ্পত্তিমূলক নির্বাচনি বিজয়ে অভিনন্দন জানাচ্ছেন।’

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভায় ২৯৪ আসনের মধ্যে ২০৬টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিজেপি। ফালতা কেন্দ্রে ভোট স্থগিত থাকায় কার্যকর সংখ্যাগরিষ্ঠতার সীমা ছিল ১৪৭। 

সোমবার (৪ মে) ফলাফল ঘোষণার পর দেখা যায়, টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮০টি আসন। ১৫ বছর ধরে দখলে রাখা মসনদ থেকে কার্যত ছিটকে পড়েছে দলটি। 

তবে এই পরাজয়কে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছেন তৃণমূল প্রধান মমতা ব্যানার্জি। 

যদিও ভারতীয় সংবিধানের ১৬৪ অনুচ্ছেদ অনুযায়ী, দেশটির কোনো মুখ্যমন্ত্রী কেবল তখনই পদে থাকতে পারেন, যখন তিনি বিধানসভার আস্থা ভোগ করেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর মমতার সরকার সাংবিধানিকভাবে টেকসই নয়।

এই পরিস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের দিকে মনোযোগ দিচ্ছে বিজেপি। তালিকায় রয়েছে বিধানসভার বিরোধী দলীয় নেতা সুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সামিক ভট্টাচার্য এবং সহসভাপতি অগ্নিমিত্রা পালের নাম।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, নতুন মুখ্যমন্ত্রী চূড়ান্ত করতে পশ্চিমবঙ্গে আসছেন বিজেপির দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাকে।