জামালপুরে দুপুরে তালাক, বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

০৬ মে, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তালাকের পর বিদ্যুৎস্পৃষ্টে সুমিনা (১৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) বিকাল ছয়টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমিনা ওই এলাকার সুজা মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছে ওই ওয়ার্ডের ইউপি সদস্য রবিবুল ইসলাম।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে উপজেলার জোড়খালী ইউনিয়নের বারইপাড়া এলাকার নজির মিয়ার ছেলে শহিদুল ইসলাম সঙ্গে সুমিনার বিয়ে হয়। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় মঙ্গলবার দুপুরের তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিয়ের সময় দেওয়া আসবাবপত্র সাবেক স্বামীর পরিবার ফেরত দেয়। সেগুলো নিজ ঘরে গোছাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সুমিনা এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে সুমিনার মা শিখা বেগম (৪৫), চাচি জহুরা বেগম (৪০), চাচাতো ভাই নুর ইসলাম (২২) ও চাচাতো বোন কণিকা (১৭) আহত হন। পরে স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের প্রস্তুতি চলছে।