কাসেমিরোকে আরো এক বছর চান সতীর্থরা

০৬ মে, ২০২৬

ম্যানচেস্টার ইউনাইটেডে কাসেমিরোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়লেও তাকে আরো এক বছর দলে দেখতে চান অনেকেই। বিশেষ করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনহা ইঙ্গিত দিয়েছেন, ড্রেসিংরুমেও কাসেমিরোকে ধরে রাখার ইচ্ছা রয়েছে।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া কাসেমিরোর চুক্তি শেষ হচ্ছে আগামী মাসে। ক্লাবের সঙ্গে থাকা শর্তসাপেক্ষ এক বছরের মেয়াদ বাড়ানোর অপশনও কার্যকর হচ্ছে না বলে জানা গেছে।

তবে সাম্প্রতিক সময়ে তার দুর্দান্ত পারফরম্যান্স নতুন করে আলোচনায় এনেছে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে।

সম্প্রতি লিভারপুলের বিপক্ষে জয়ের পর কুনহা বলেন, ‘জাতীয় দলে আমি তার সঙ্গে খেলি এবং জানি তিনি কতটা গুরুত্বপূর্ণ। ড্রেসিংরুমে তার মতো একজন মানুষ থাকা সত্যিই বিশেষ ব্যাপার। সবাই চায় সে আরো কিছুদিন থাকুক।

৩৪ বছর বয়সী ক্যাসেমিরো চলতি মৌসুমে নিজের সেরা ফর্মে ফিরেছেন বলেই মনে করা হচ্ছে। রিয়াল মাদ্রিদে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই মিডফিল্ডারের অভিজ্ঞতা আগামী মৌসুমে ইউনাইটেডের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে তার উচ্চ বেতন ক্লাবের জন্য বড় চিন্তার বিষয়। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বর্তমানে দলের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়দের একজন এবং চ্যাম্পিয়নস লিগে খেলার কারণে তার বেতন আরো বাড়তে পারে।