০৬ মে, ২০২৬
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত ক্যামেরার ফ্ল্যাশ সবসময়ই তাদের পিছু তাড়া করে। তবে সম্প্রতি এক পারিবারিক অনুষ্ঠানে পাপারাজ্জিদের অতিমাত্রায় ভিড় সামলাতে গিয়ে মেজাজ হারালেন ‘অ্যানিম্যাল’ তারকা রণবীর কাপুর। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোচনা।
মুম্বাইয়ে রণবীরের মা নীতু কাপুর এবং বোন রিদ্ধিমা কাপুর সাহনি অভিনীত ‘দাদি কি শাদি’ সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সপরিবারে সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রণবীর ও আলিয়া। রণবীর পরেছিলেন একটি টিল রঙের পোলো শার্ট ও বেইজ প্যান্ট, অন্যদিকে আলিয়া সেজেছিলেন অল-ব্ল্যাক পোশাকে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রণবীর ও আলিয়া গাড়ি থেকে নামার পরপরই আলোকচিত্রীরা তাদের চারপাশ থেকে ঘিরে ধরেন। ভালো ছবি পাওয়ার আশায় অনেকেই তাদের একদম গায়ের কাছে ক্যামেরা নিয়ে চলে আসেন। এতে দৃশ্যত বিরক্ত হন রণবীর। মুহূর্তের জন্য মেজাজ হারিয়ে তিনি পাপারাজ্জিদের পিছিয়ে যেতে বলেন।
রণবীরকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘আপনাদের ছবি চাই তো? চলুন আগে জায়গা দিন।’ এরপর তিনি কিছুটা দূরে গিয়ে দাঁড়ান যাতে সবাই স্বাচ্ছন্দ্যে ছবি তুলতে পারেন। রণবীরের ধমক খেয়ে আলোকচিত্রীদেরও নিজেদের মধ্যে বলাবলি করতে শোনা যায়, ‘পিছে সরো, পিছে সরো।’
রণবীরের এই রেগে যাওয়াকে ইতিবাচকভাবেই দেখছেন নেটিজেনদের বড় একটি অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তার পক্ষ নিয়ে বলছেন, সেলিব্রিটি হলেও তাদের ব্যক্তিগত পরিসরের (পার্সোনাল স্পেস) প্রতি সম্মান জানানো উচিত।
এক ভক্ত মন্তব্য করেছেন, ‘পাপারাজ্জিদের একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা উচিত। ক্যামেরা আছে বলেই কারও মুখের ওপর সেটি ধরা ঠিক নয়।’ অন্য একজন লিখেছেন, ‘ছবি তোলার আগে অনুমতি নেওয়া এবং সৌজন্যবোধ দেখানো জরুরি।’