কালীগঞ্জে ২ ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা

০৬ মে, ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস এ আদেশ দেন।

পরিবেশ অধিদপ্তরের লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, জেলায় পাঁচটি উপজেলায় মোট ৪৮টি ইটভাটায় উৎপাদন কার্যক্রম চলছে। এর মধ্যে ২১টির কাগজপত্র সঠিক থাকলেও ২৭টির কোনো বৈধ অনুমোদন নেই।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে উপজেলার গোড়ল ইউনিয়নের মেসার্স জিএ ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স এস এ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভাটাগুলোর কিলন ভেঙে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে অন্য অবৈধ ইটভাটাগুলোতে অভিযান চালানো সম্ভব হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক।