০৬ মে, ২০২৬
গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি কাটার অনুমতি না থাকার দায়ে অভিযান চালিয়ে চারটি ইটভাটার মালিককে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে সদর উপজেলার ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় ও ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী এ জরিমানা করেন।
এ অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মামুনুর রশিদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সোহাগ ব্রিকস, রাজ ব্রিকস, স্টার ব্রিকস ও শিয়ার ব্রিকসে অভিযান চালানো হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও মাটি কাটার অনুমোদন না থাকার দায়ে সোহাগ ব্রিকসকে ৪ লাখ, রাজ ব্রিকসকে ৩ লাখ, স্টার ব্রিকসকে ৪ লাখ ও শিয়ার ব্রিকসকে ৫ লাখসহ মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, জরিমানাকৃত ইটভাটাগুলোর চুল্লী ভেঙে ফেলা হয়। ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক ৪টি মামলা দায়ের করা হয়। পরে জরিমানা ১৬ লক্ষ টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।