ঢাকার কেরানীগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

০৭ মে, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে ফেনসিডিলসহ এক মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত যুবকের নাম শাহেদ শাহরিয়ার সজীব (২৩)। এসময় র‌্যাব-১০ মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকটি জব্দ করেছে। বুধবার (৬ মে) দুপুরে অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজার কাছে একটি চেকপোস্ট স্থাপন করে। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় জব্দকৃত ট্রাকটি টোলপ্লাজার কাছে আসে। তখন র‌্যাব-১০ এর আভিধানিক দলটি ট্রাকের গতি রোধ করে তল্লাশি চালায়।

তল্লাশি করে ট্রাকের ভেতর লুকিয়ে রাখা  ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার টাকা। এ সময় র‌্যাব-১০ সজিব নাসের এক যুবককে আটক করে। আটককৃত সজিব সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপীনাথপুর গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে। র‌্যাব-১০ মাদক বহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত যুবক একজন পেশাদার মাদক কারবারি। সে উক্ত ট্রাক ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদক, ট্রাক ও আটককৃত যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে।