০৭ মে, ২০২৬
প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের পর প্রায় সাত মাস আগে নিজ ইচ্ছায় ঘর ছেড়ে মাহাদি হাসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাদিয়া সুলতানা পুষ্প (১৮)। বিয়ের পর ঢাকা ছেড়ে স্বামীর গ্রামের বাড়িতে ফিরে তারা সংসার শুরু করেন।
এরই মধ্যে গৃহবধূর মা অপহরণের অভিযোগ তুলে পুষ্পর স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবার নিজ বাবা-মায়ের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন পুষ্প।
ঘটনাটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামে। পুষ্পর পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার গোবিন্দপুর গ্রামে।
বুধবার (৬ মে) বিকেলে স্বামীর বাড়ি পুকুরিয়াকান্দায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাদিয়া সুলতানা পুষ্প।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি নিজ পছন্দে ও স্বেচ্ছায় আমার স্বামীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি এবং বর্তমানে সুখে সংসার করছি।
আমার বয়স হয়েছে, সব বুঝে-শুনেই বিয়ে করেছি। আমি আমার বাবা-মাকে মামলা তুলে নিতে বলেছি, কিন্তু তারা তা করছেন না। বরং আমার স্বামীর পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করছেন। আমার বাবা-মা যে অপহরণের মামলা করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা।
তিনি আরো বলেন, আমি যদি নিজে না চাইতাম, তাহলে এটাকে অপহরণ বলা যেত। কিন্তু আমি প্রাপ্তবয়স্ক, নিজের সিদ্ধান্তে বিয়ে করেছি।
পুষ্প জানান, তার শ্বশুরবাড়ির লোকজন তাকে স্নেহ ও যত্নে রাখছেন। তিনি বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। তবে তার অভিযোগ, আমার বাবা-মা বলছেন, সন্তান নষ্ট করে হলেও আমাকে নিয়ে যাবেন।
তাদের মামলার কারণে আমার স্বামী মানসিক ও শারীরিকভাবে চাপে আছেন।
সংবাদ সম্মেলনে পুষ্প তার বাবা-মায়ের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আমি আপনাদের সন্তান। আমি নিজ ইচ্ছেয় পালিয়ে এসে বিয়ে করেছি এটা আমার অপরাধ, কিন্তু তাই বলে এভাবে আমার জীবন নষ্ট করে দিও না। মামলাটি তুলে নাও, আমাকে শান্তিতে থাকতে দাও।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুষ্পর স্বামী মাহাদি হাসান, শ্বশুর হালিম খান ও শাশুড়ি মর্জিনা আক্তার।