০৭ মে, ২০২৬
কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকায় র্যাবের অভিযানে চাঞ্চল্যকর এক সরকারি কর্মচারীকে হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ এর একটি চৌকস দল বুধবার (৬ মে) বিকেলে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মো. আলী আকবর (৩২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলী আকবর রোহিঙ্গা ক্যাম্প-১৩, ব্লক-জি/৫, এফসিএন-২১৫৪৭৭, তাজনিমারখোলার মৃত দিল মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে উখিয়া থানায় সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি কর্মচারী হত্যা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
র্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। পরে গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।