০৭ মে, ২০২৬
ক্রিকেট বিশ্বে আলোড়ন তোলা কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশীকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মাত্র ১৫ বছর বয়সেই দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে সবার নজর কাড়লেও এবার তাকে ‘শিশুশ্রমে নিযুক্ত’ করার অভিযোগ উঠেছে তার ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
কর্ণাটকের এক সমাজকর্মী সিএম শিবকুমার নায়ক এই অভিযোগ তুলে দাবি করেছেন, এত অল্প বয়সে সূর্যবংশীকে আইপিএলের মতো পেশাদার টুর্নামেন্টে খেলানো আইন লঙ্ঘনের শামিল।
রিপাবলিক ওয়ার্ল্ডের বরাত দিয়ে জানা গেছে, ওই আলোচনায় নায়ক বলেন, ‘রাজস্থান রয়্যালসের এই ১৫ বছর বয়সী ছেলে বৈভব সূর্যবংশীকে শোষণ করা হচ্ছে। সে নেহাতই একজন শিশু, যার বয়স মাত্র ১৫। তাকে আইপিএলের মতো জায়গায় পেশাদার ক্রিকেট খেলার জন্য নিয়ে আসা হয়েছে। এটি শিশুশ্রম ছাড়া আর কিছুই নয়। এত বড় একটি লিগে তারা কীভাবে একজন নাবালককে খেলাতে পারে? এই অল্প বয়সে ক্রিকেট খেলার বদলে তার এখন পড়াশোনায় মন দেওয়া এবং স্কুলে গিয়ে শিক্ষা গ্রহণ করা উচিত।’
তিনি আরও যোগ করেন, ‘আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিশু অধিকার ও শিশুশ্রম আইন লঙ্ঘনের দায়ে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের বিরুদ্ধে পুলিশে অভিযোগ বা আইনি মামলা দায়ের করব। এই ছেলেকে আইপিএল খেলতে দেবেন না, এটা শিশুশ্রম; তার পড়াশোনা করা উচিত।’
তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়ের বয়স যদি কমপক্ষে ১৫ বছর হয়, তাহলে সে আন্তর্জাতিক বা অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলতে পারে। বিশেষ ক্ষেত্রে আরও কম বয়সী খেলোয়াড়কেও সংশ্লিষ্ট অনুমোদনের মাধ্যমে খেলানোর সুযোগ রয়েছে।
অন্যদিকে, ভারতের ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, অনূর্ধ্ব-১৬ বা অনূর্ধ্ব-১৯ পর্যায়ের কোনো খেলোয়াড় আইপিএলে অংশ নিতে চাইলে তার প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকতে হয়। সূর্যবংশী ইতোমধ্যেই অল্প বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করায় এই শর্ত পূরণ করেছেন।
সব বিতর্কের মাঝেও মাঠে নিজের পারফরম্যান্স দিয়ে আলো ছড়াচ্ছেন সূর্যবংশী। চলতি আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৪০৪ রান করেছেন তিনি, রয়েছে একটি সেঞ্চুরি। তার আক্রমণাত্মক ব্যাটিং ও উচ্চ স্ট্রাইক রেট ইতোমধ্যে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্তির আলোচনায় নিয়ে এসেছে।