০৭ মে, ২০২৬
ময়মনসিংহে প্রয়াত স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুননেসার।
বুধবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকাল পৌনে ৬টার দিকে নগরীর গোলকীবাড়ী কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করেন পরিবারের সদস্যরা। এর আগে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে আছরের নামাজ শেষে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে কান্নাজড়িত কন্ঠে উপস্থিত মুসল্লিদের কাছে মায়ের জন্য দোয়া কামনা করে বক্তব্য রাখেন মরহুমার সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, আমার আম্মা দীর্ঘদিন নগরীর সানফ্লাওয়ার স্কুলে শিক্ষকতা করেছেন। এ কারণে তিনি অনেকের সঙ্গে উঠাবসা ও চলাফেরা করেছেন এবং শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এতে কারো সঙ্গে কোন ধরনের ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা করবেন। পাশাপাশি আমি আমার মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
জানাজায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, ড্যাবের নেতা ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, অ্যাডভোকেট এমএ হান্নান খান, লিটন আকন্দ, একেএম মাহাবুবুল আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
পারিবারিক সূত্র জানায়, বেগম জেবুননেসা ১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মরহুম মো. জাফর আলী সরকারের সহধর্মিণী। পেশাগত জীবনে তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা হিসেবে সুপরিচিত ছিলেন। তবে ২০২৫ সালের ১৫ নভেম্বর বেগম জেবুননেসা অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।