০৭ মে, ২০২৬
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে অভিনেতা থলপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এখনও অর্জন করতে পারেনি দলটি। ফলে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণ আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।
২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।
সেখানে টিভিকে পেয়েছে ১০৮টি আসন। পরে কংগ্রেস সমর্থন দেওয়ায় বিজয়ের পক্ষে মোট আসন দাঁড়িয়েছে ১১৩-তে। তবুও সরকার গঠনের জন্য আরো অন্তত পাঁচ বিধায়কের সমর্থন প্রয়োজন।
শোনা গেছিল, বৃহস্পতিবারই নতুন সরকার গঠন হবে তামিলনাড়ুতে।
মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থলপতি বিজয়। কিন্তু সূত্রের খবর, বৃহস্পতিবার সেই স্বপ্ন পূরণ হচ্ছে না দক্ষিণী সুপারস্টারের। কারণ, সরকার গঠনে যে ‘জাদু সংখ্যা’ প্রয়োজন, তা এখনও অর্জন করতে পারেনি টিভিকে।
বৃহস্পতিবার দুপুরে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তামিলনাড়ু লোকভবনে গিয়ে দেখা করেন বিজয়।
আর্জি জানান সরকার গঠনের। কিন্তু বিজয়ের দলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহপ্রকাশ করেন রাজ্যপাল। তিনি এখনও সন্তুষ্ট হতে পারেননি। সেই কারণেই বৃহস্পতিবার হচ্ছে না বিজয়ের শপথ গ্রহণ।
তামিনাড়ুতে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে টিভিকে।
কিন্তু তা সত্ত্বেও তারা ‘জাদু সংখ্যা’ এখনও ছুঁতে পারেনি। টিভিকের প্রাপ্ত আসন সংখ্যা ১০৮। কিন্তু ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ুর বিধানসভায় সরকার গড়তে গেলে দরকার ১১৮টি আসন। এই অবস্থায় বিজয়ের দলকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। সবমিলিয়ে বিজয়ের পক্ষে এখন রয়েছে ১১৩টি আসন। যেটিও পর্যাপ্ত নয়। এখনও দরকার ৫ বিধায়কের সমর্থন।
সূত্রের খবর, সিপিআই, সিপিএম এবং ভিসিকে-র মতো দলগুলোর সঙ্গে এরই মধ্যেই আলোচনা শুরু করেছেন বিজয়। এই পরিস্তিতিতে তামিলনাড়ুর জট কবে কাটবে, সেটাই এখন দেখার বিষয়।
ডিএমকের প্রতি দীর্ঘদিনের অসন্তোষ থেকেই কংগ্রেস এই সিদ্ধান্ত নিয়েছে। তামিলনাড়ু কংগ্রেসের নেতাদের অভিযোগ, জোটে থাকলেও ডিএমকে কখনও তাদের যথাযথ গুরুত্ব দেয়নি। এমনকি রাজ্যে ডিএমকে নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলেও কংগ্রেসকে সরকারে অংশীদার করা হয়নি। স্থানীয় প্রশাসন ও উন্নয়ন বোর্ডগুলোতেও কংগ্রেস নেতাদের গুরুত্ব কম ছিল বলে অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে তামিলনাড়ুর রাজনৈতিক অচলাবস্থা কবে কাটবে, সেদিকেই এখন নজর সবার।