০৭ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। বৃহস্পতিবার মধ্যরাতে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন।
জানা গেছে, বর্তমান বিধানসভার মেয়াদ বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হওয়ার কথা থাকলেও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইস্তফা দিতে রাজি হননি। অন্যদিকে, নির্বাচনে জয়ী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আগামী ৯ মে শপথ গ্রহণের ঘোষণা দেয়। এই পরিস্থিতিতে ৮ মে রাজ্য কে চালাবে, তা নিয়ে এক নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি হয়।
এই জটিলতা নিরসনে ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের (২) নম্বর দফার (খ) উপ-দফা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা ব্যবহার করে রাজ্যপাল আর এন রবি বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দেন। মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা এক বিবৃতির মাধ্যমে রাজ্যপালের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
সংবিধানের ১৭২ ধারা অনুযায়ী, বিধানসভার মেয়াদ পাঁচ বছর পূর্ণ হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়। তবে বর্তমান পরিস্থিতিতে রাজ্যপালের এই বিশেষ আদেশের ফলে মমতা ব্যানার্জির মন্ত্রিসভা অপসারিত হলো। নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত আগামী দুই দিন রাজ্যের প্রশাসনিক সকল দায়িত্বভার রাজ্যপাল আর এন রবির হাতে ন্যস্ত থাকবে।
রাজ্যপালের এই পদক্ষেপের ফলে পশ্চিমবঙ্গে ১৮তম বিধানসভা গঠনের পথ পরিষ্কার হলো। আগামী ৯ মে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে। রাজ্যপালের এই সিদ্ধান্তে রাজ্যজুড়ে ব্যাপক আলোচনা ও জল্পনা চলছে।