০৭ মে, ২০২৬
পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে চারটি ইটভাটাকে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বিকেলে পরিচালিত অভিযানে ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী এলাকায় অবস্থিত মেসার্স ডব্লিউ এ এইচ ব্রিকসকে ৮ লাখ টাকা, মেসার্স এ বি ব্রিকসকে ৮ লাখ টাকা এবং মেসার্স এম এস এইচ ব্রিকসকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভূরুঙ্গামারী উপজেলার মেসার্স ডিএমএইচ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ২৫ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি হালনাগাদ কাগজপত্র ছাড়া ভাটার কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ সংরক্ষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।