০৮ মে, ২০২৬
কিছু দিন আগে সিডনির রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এরপর ছাড়া পেয়ে পিএসএলে খেলতে পাকিস্তনে এসেছিলেন তিনি। পিএসএলে শেষে দেশে ফিরে শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার শুনানিতে অংশ নেননি।
গত ৫ এপ্রিল (রবিবার) বিকেলে সিডনির মারুব্রা অঞ্চলে তল্লাশি চালাচ্ছিল স্থানীয় পুলিশ। তল্লাশির জায়গা থেকে একটু দূরে একটি ভ্যানকে থামতে দেখা যায়। পরবর্তীতে ট্রাফিক ও হাইওয়ে টহল পুলিশের কর্মকর্তারা এগিয়ে যাওয়ার পর দেখেন ওয়ার্নার চালকের আসনে বসে আছেন।
তখন তাৎক্ষণিক পরীক্ষায় ওয়ার্নারের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। এরপর সাবেক এই অজি অধিনায়ককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। মারুব্রা থানায় নেওয়ার পর দ্বিতীয় পরীক্ষায় তার শরীরে ০.১০৪ মাত্রার অ্যালকোহল পাওয়া যায়। ০.০৮ মাত্রার চেয়ে বেশি হওয়ায় ওয়ার্নারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় এবং ৭ মে তাকে আদালতে হাজিরা দিতে বলা হয়।
তবে আজ আদালতে হাজির হননি ওয়ার্নার। শুনানিতে অংশ না নেওয়ায় ওয়ার্নারের মামলাটি আগামী জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে এই ক্রিকেটারের আইনজীবী ববি হিল জানিয়েছেন, নিজের দোষ স্বীকার করে নিতে যাচ্ছেন ওয়ার্নার। আজ বৃহস্পতিবার আদালতের বাইরে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ববি বলেন, 'আমি আপনাদের এটা জানাতে পারি যে ডেভিড (ওয়ার্নার) মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার করবে। সে জানে সে যা করেছে সেটা ভুল ছিল। সে স্বীকার করে যে উবার না নিয়ে নিজের গাড়িতে ওঠা একটা বেপরোয়া ও বোকামি ছিল।'