০৮ মে, ২০২৬
নরসিংদীর শিবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
এর আগে বুধবার দুবাই পুলিশ আরিফ সরকারকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে দেশে এনে শিবপুর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া আরিফ সরকার শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি হত্যা মামলার এক নম্বর আসামি। এ নিয়ে আলোচিত এ হত্যা মামলার ১২ আসামির সবাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পিবিআই সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর একই বছরের ৩১ মে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে আমানুর রশিদ বাদী হয়ে আরিফ সরকারকে প্রধান আসামি করে ১২ জনের নামে শিবপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলার তদন্তভার পায় পিবিআই নরসিংদী।
তদন্ত চলাকালে মামলার অন্যতম আসামি মহসীন সরকারকে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদে আরিফ সরকারসহ অন্য আসামিদের সম্পৃক্ততা ও হত্যার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পরে প্রযুক্তির সহায়তায় আরিফ সরকারের অবস্থান দুবাইয়ে শনাক্ত করে পিবিআই।
পরবর্তীতে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয় এবং দেশে ফিরিয়ে আনা হয়।
পিবিআই জানায়, মামলার চার্জশিট ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে। এছাড়া আগে গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন।