০৮ মে, ২০২৬
কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর চার সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আটককৃতরা হলো- ধলঘাটার বাদশা মিয়ার ছেলে মো. আলমগীর (৩৪), বশির আহমেদের ছেলে তৌহিদুল ইসলাম কালু (২৪), মৃত ফজল আকবরের ছেলে ফারুক(২৫), সুলতান আহমেদের ছেলে কাইয়ুম উদ্দিন (৩৫)। ডাকাত সদস্যরা কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা।
তারা দীর্ঘদিন যাবৎ ফজল কাদের বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর সদস্যরা কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটা নাছিরডেল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের আলোকে গত বৃহস্পতিবার রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর চারজন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য মতে আটককৃত ডাকাতদের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশিয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।