র‌্যাবের অভিযানে রাজধানীতে অস্ত্রসহ গ্রেফতার ১১

০৮ মে, ২০২৬

রাজধানীতে ব্লকরেইড অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারসহ ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২।  

নগরীর মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানা এলাকার বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার ব্লকরেইড অভিযান চালায় র‌্যাব।  

অভিযানে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, ছয়টি চাপাতিসহ বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি রিক্সা জব্দ করা হয়।

র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-২ এর পাঁচটি আভিযানিক দল একযোগে ব্লকরেইড অভিযান চালায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।