নড়াইল আগুনে পুড়ল চারটি দোকান

০৮ মে, ২০২৬

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।

গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে একটি হার্ডওয়্যারের দোকান ও তিনটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, লাহুড়িয়া বাজারে বকুল শেখের সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন কিছুক্ষণের মধ্যেই পাশের ফারুক বিশ্বাসের একতা ফার্নিচার পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।  

এ সময় বাজারের মসজিদের মাইক থেকে আগুন লাগার বিষয়টি প্রচার করলে স্থানীয় ব্যবসায়ী ও আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে লোহাগড়া উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।

সবার ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহাগউজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার ব্রিগেডের সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যার ফলে আশেপাশের অনেক ব্যাবসাপ্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে।