বান্দরবানে নিখোঁজ তরুণী কক্সবাজারে উদ্ধার, গ্রেফতার দুই

০৮ মে, ২০২৬

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে নিখোঁজ এক তরুণীকে (২৩) কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এক অভিযানে তাকে উদ্ধার করে র‌্যাব-১৫। এ সময় পাচারকাজে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানার কলাতলী সংলগ্ন একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে।

অভিযানে নিখোঁজ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সরাসরি জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

গ্রেফতার আসামিদের একজন হলেন রামুর দক্ষিণ ফাক্রিকাটার ছুরত আলমের ছেলে শামসুল আলম (৩২)।

অন্যজন শাহ আলম (৩৪) কক্সবাজার সদরের খুরুলিয়ার মমতাজ আহমেদের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার আসামিরা এলাকায় প্রভাবশালী ও চতুর প্রকৃতির লোক হিসেবে পরিচিত। সাধারণ জনগণের কাছে তারা ভদ্র স্বভাবের হলেও আড়ালে তারা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অপহরণ ও অনৈতিক কাজের একটি সিন্ডিকেট গড়ে তুলেছে।

চক্রটি শাহ আলমের মাইক্রোবাসটি ব্যবহার করে দুর্গম এলাকা থেকে ভুক্তভোগীদের কৌশলে অপহরণ করে পর্যটন এলাকায় নিয়ে আসত। তারা অসহায় নারীদের লক্ষ্য করে পাচার বা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করত।

র‌্যাব জানায়, ভুক্তভোগী নিখোঁজের ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। অভিযোগ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দ করা আলামত ও গ্রেফতারদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।