০৮ মে, ২০২৬
তুরস্ক তাদের প্রথম আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র `ইয়িলদিরিমহান` উন্মোচন করেছে। নতুন এই ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির চেয়ে ২৫ গুণ দ্রুতগতিতে চলতে সক্ষম। ইস্তানবুলে ৫ মে থেকে শুরু হওয়া আন্তর্জাতিক সাহা এক্সপোর প্রথম দিনেই এটি প্রদর্শনের জন্য রাখা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৯ মে পর্যন্ত এই প্রদর্শনী চলবে। ক্ষেপণাস্ত্রটির এক পাশে অটোমান সাম্রাজ্যের সুলতান প্রথম বায়েজিদের মনোগ্রাম এবং ওপরের অংশে মোস্তাফা কামাল আতাতুর্কের প্রতীক খোদাই করা হয়েছে। তুর্কি ভাষায় `ইয়িলদিরিম` অর্থ বজ্র এবং `ইয়িলদিরিমহান` মানে হলো বজ্রের শাসক।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসির গুলের এক বিবৃতিতে জানান, এটি দেশটির প্রথম তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র এবং এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য রয়েছে। তিনি এই ক্ষেপণাস্ত্রটিকে তুরস্কের তৈরি এ পর্যন্ত সবচেয়ে দীর্ঘপাল্লার অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন।পাল্লা সর্বোচ্চ ছয় হাজার কিলোমিটার।
প্রদর্শনীতে রাখা তথ্যানুযায়ী, ইয়িলদিরিমহানে চারটি রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি পরিচালনার জন্য জ্বালানি হিসেবে তরল নাইট্রোজেন টেট্রঅক্সাইড ব্যবহার করা হবে। যদিও এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত প্রযুক্তিগত তথ্য এখনো সীমিত রাখা হয়েছে।তুরস্কের প্রতিরক্ষা শিল্প গত কয়েক বছর ধরে ড্রোন এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কারণে বিশ্বজুড়ে দৃষ্টি আকর্ষণ করেছে। এর আগে গত বছরের জুলাই মাসে তারা `টাইফুন ব্লক ফোর` ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছিল, যার পাল্লা এক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয়।
এ ছাড়া তাদের হাতে দুই হাজার কিলোমিটার পাল্লার `জাংক` নামের আরেকটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত অত্যন্ত দীর্ঘ দূরত্বে আঘাত হানার জন্য তৈরি করা হয়। একটি ক্ষেপণাস্ত্রেই একাধিক ওয়ারহেড বহনের সক্ষমতা থাকতে পারে। বর্তমানে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনসহ হাতেগোনা কয়েকটি দেশের কাছে এই প্রযুক্তি রয়েছে। তুরস্ক এই তালিকায় নতুন নাম হিসেবে যুক্ত হলো।
আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন ও রপ্তানির ওপর নানা বিধিনিষেধ রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ভূ-রাজনীতিতে এ ধরনের ক্ষেপণাস্ত্রের গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় তুরস্ক তাদের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে।