০৮ মে, ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘সুন্দরবনের সুন্দরীসহ অনেক গাছ মারা যাচ্ছে প্রাকৃতিক সুরক্ষার অভাবে। সেজন্য আমরা প্রকৃতি সুরক্ষায় কাজ করছি।’
শুক্রবার বিকালে বাগেরহাটের মোংলার কাইনমারী এলাকার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে ‘পরিবেশ সমাবেশে’ প্রধান তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগে নদীমাতৃক সভ্যতা ছিল। এখন সব নদী ভরাট হয়ে গেছে। খনন করে নদী সভ্যতাকে টিকিয়ে রাখতে হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও পার্শ্ববর্তী দেশের আগ্রাসন এর জন্য দায়ী। বিশেষ করে ফারাক্কা ব্যারেজের কারণে ওপর থেকে বৃষ্টির পানি আসছে না। যার ফলে আমাদের প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে।
তিনি আরো বলেন, সুপেয় পানির সংকট নিরসনে মোংলার ৫২টি সরকারি পুকুরই যেকোনো মূল্যে উদ্ধার করা হবে। দুই একজন লাভবান হওয়ার জন্য পুকুরগুলোতে মাছ চাষ করে শতশত মানুষের ক্ষতি করতে আসবেন না। এমন কেউ করতে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চার পুরুষ ও নারীকে ‘সবুজ সাথী’ সম্মাননা দেওয়া হয়ে। প্রতিমন্ত্রী পরে সেখানে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর কেন্দ্রীয় সমন্বয়কারী শরীফ জামিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও বিএনপি নেতা শেখ রুস্তম আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।