ফ্লিকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে বার্সেলোনা!

০৯ মে, ২০২৬

বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কাছাকাছি হ্যান্সি ফ্লিক। তার এজেন্ট পিনি জাহাভি গতকাল বিস্তারিত চূড়ান্ত করতে ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার সঙ্গে দেখা করেছেন। বিভিন্ন সূত্রে ইএসপিএন জানিয়েছে এই কথা।

জার্মান কোচ ও রবার্ট লেভান্ডভোস্কির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বার্সেলোনায় একটি হোটেলে লাপোর্তার সঙ্গে দেখা করেন জাহাভি। 

ফ্লিকের বর্তমান চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। আরও এক বছরের বর্ধিত চুক্তিপত্রে সই করতে যাচ্ছেন তিনি। পরে আরও এক মৌসুম চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

পরবর্তী কয়েক দিনের মধ্যে নতুন চুক্তিতে সেই করবেন ফ্লিক এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এই জার্মান কোচ ন্যু ক্যাম্পে দ্বিতীয় মৌসুম পার করছেন। ইতোমধ্যে তিনি বার্সেলোনায় থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

গত মাসে ফ্লিক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘আমার চুক্তির নবায়ন করার ইচ্ছা আছে। আমার ক্যারিয়ারের শেষ পর্যায় হবে এটি। এনিয়ে আমার খুব ভালো অনুভূতি আছে। আমার চুক্তি নবায়ন করতে চাই, কিন্তু এনিয়ে কথা বলার সময় এখন নয়।’

ফ্লিক বার্সেলোনাকে ঘরোয়া ফুটবলে তিনটি ট্রফি জেতান—লা লিগা, স্প্যানিশ কাপ ও স্প্যানিশ সুপার কাপ। লা লিগা শিরোপা হাতে রেখে দেওয়ার পথে রয়েছে এবার তারা। রিয়াল মাদ্রিদের মাঠে হার এড়ালেই চ্যাম্পিয়ন হবে বার্সা।