০৯ মে, ২০২৬
২০২২ বিশ্বকাপে লুসাইল স্টেডিয়ামের সেই বিশ্বজয়ের মুহূর্ত এখনো জ্বলজ্বলে। সেই সুখস্মৃতি নিয়ে এবারের বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ঘিরেই আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন বুনছে আলবিসেলেস্তেরা। তবে, কাজটা অতটা সহজ হবে না এটা স্বীকার করলেন খোদ মেসি। আর্জেন্টিনার চাইতেও এগিয়ে রাখলেন চার দলকে।
আর্জেন্টাইন সাংবাদিক পলো আলভারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপের ফেবারিট দলগুলোর নাম জানান মেসি। গতবারের রানার্স-আপ ফ্রান্সকে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল হিসেবে আলাদাভাবে উল্লেখ করেছেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবল তারকা।
২০২২ বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, আমাদের স্বীকার করতে হবে... অন্য কিছু দল আমাদের চেয়ে বেশি ছন্দে আছে এবং তারা ফেবারিট হিসেবে এগিয়ে থাকবে। ফ্রান্স এখন অনেক শক্তিশালী। তাদের অনেক টপ-লেভেল খেলোয়াড় রয়েছে।’
বিশ্বজয়ের দৌড়ে স্পেন, ব্রাজিল এবং পর্তুগালকেও বড় হুমকি হিসেবে মনে করছেন। মেসির মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক পারফরম্যান্স স্পেনের উন্নতির প্রমাণ দেয়। অন্যদিকে, গত কয়েক বছর কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও ব্রাজিল সবসময়ই শিরোপার দাবিদার।
ব্রাজিল প্রসঙ্গে তিনি যোগ করেন, ব্রাজিল কিছুদিন ধরে নিজেদের সেরা ছন্দে না থাকলেও তারা সবসময়ই শক্তিশালী প্রতিযোগী।
পর্তুগাল সম্পর্কে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা বিশ্বাস করেন, পর্তুগিজ দলটি এখন বিশেষভাবে প্রতিযোগিতামূলক এবং বিশ্বের যেকোনো সেরা দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ বিশ্বকাপে নিজেদের মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। আর এটিই হতে পারে বিশ্বমঞ্চে লিওনেল মেসির শেষ অংশগ্রহণ।