নড়াইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম

০৯ মে, ২০২৬

নড়াইলের লোহাগড়া উপজেলায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৮ মে) রাত সোয়া সাতটার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের রাইপাশা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহত সিরাজুল ইসলাম কোটাকোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং রাইপাশা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া বাজার থেকে কাজ শেষে গতকাল সন্ধ্যায় সিরাজুল ইসলাম তার সহযোগী আকিদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে রাইপাশা গ্রামের বাবলু শেখের বালুর চাতালের পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৫ থেকে ৬ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা সিরাজুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সিরাজুলের চিৎকার শুনে তাঁর সহযোগী আকিদুল দৌড়ে গিয়ে স্থানীয় লোকজনকে খবর দেন।

পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের ওপর হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এলাকায় অভিযান চালানো হচ্ছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।'

পুলিশ জানায়, এলাকায় উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।