০৯ মে, ২০২৬
পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে আবারও নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান। বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়ে তিনি চতুর্থবারের মতো মেয়রের দায়িত্ব নিতে যাচ্ছেন।
শুক্রবার ঘোষিত ফলাফলে দেখা যায়, লুৎফুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৬৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির সিরাজুল ইসলাম পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট। রিফর্ম ইউকের হীরা খান পেয়েছেন ১৯ হাজার ২২৩ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে জন বোলার্ড পেয়েছেন ৭ হাজার ১৫৩ ভোট, ডমিনিক নোলান ৩ হাজার ৮১৮, জামি আলী ৩ হাজার ১৫৬, মোহাম্মদ আব্দুল হান্নান ২ হাজার ৪২১, হুগো পিয়েরে ৬৩৮ এবং স্বতন্ত্র প্রার্থী ট্যারেন্স ম্যাকগ্রেনেরা পেয়েছেন ৫২৪ ভোট।
এই জয়ের মধ্য দিয়ে টাওয়ার হ্যামলেটসের রাজনীতিতে আবারও নিজের শক্ত অবস্থান নিশ্চিত করলেন লুৎফুর রহমান। ২০১০ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। ২০২২ সালে মেয়র পদে প্রত্যাবর্তনের পর ২০২৬ সালের এই জয়কে তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় গণসমর্থন হিসেবে দেখা হচ্ছে।
ফলাফল ঘোষণার পর টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। আনন্দমিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে কয়েকটি এলাকা।
এদিকে, কাউন্সিলর পদের ৪৫টি আসনের ভোট গণনা শুরু হবে শনিবার সকাল সাড়ে আটটায়। চূড়ান্ত ফলাফল দিনের শেষভাগে প্রকাশ হতে পারে বলে জানা গেছে। রাজনৈতিক মহলের নজর এখন সেদিকেই।