০৯ মে, ২০২৬
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর হলেন, বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক রানা রহমান। তাঁর বিজয়কে ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছেন সেখানকার অধিবাসীরা। ইংল্যান্ডের সাউথ শিল্ডস এলাকার বিয়াকন ও বেন্টস ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। গত ৭ মে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
পরিবেশবাদী দল গ্রিন পার্টির এ প্রার্থী ১ হাজার ৪৭০ ভোট পেয়ে জয়ী হন। একই ওয়ার্ডে দলের আরও দুই প্রার্থী শীর্ষ তিনে অবস্থান করায় এটিকে গ্রিন পার্টির জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তাছাড়া এ ফলাফল যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতিতে বিকল্প ধারার উত্থান এবং বহুসাংস্কৃতিক সমাজে অভিবাসী নেতৃত্বের গুরুত্বকে তুলে ধরেছে।
নির্বাচনের পর প্রতিক্রিয়ায় রানা রহমান বলেন, পরিবেশ সুরক্ষা, সামাজিক আবাসন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে তিনি অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের রাজনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন তিনি।
রানা রহমানের এ জয় প্রবাসে বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণ ও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বের সক্ষমতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি বাংলাদেশিদের এ রাজনৈতিক অগ্রগতি ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক, কমিউনিটি উন্নয়ন এবং তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সেখানকার অধিবাসীরা।
রানা রহমান হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার বাসিন্দা ও বীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে জন্মগ্রহন করেন।