আনচেলত্তি-ই ২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের কোচ থাকছেন

০৯ মে, ২০২৬

রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়াতে আগ্রহী হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ফলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল ফুটবল দলের কোচের দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত হতে যাচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে সংস্থাটি।

গতবছর ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণ করেন তিনি। আসন্ন বিশ্বকাপে তার অধীনেই খেলতে নামবে ব্রাজিল। তিনি কোচ হয়েই তুলেছেন ব্রাজিলকে বিশ্বকাপের মূল পর্বে।

৬৬ বছর বয়সী রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসির সাবেক এই কোচের বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে সিবিএফ-এর সঙ্গে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছিল।

গত বৃহস্পতিবার ব্রাজিল ফুটবলের সভাপতি সামির জাউদ জানিয়েছেন, বিশ্বকাপের আগেই আনচেলত্তির চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে বলে তিনি ‘নিশ্চিত’। ফর্তালেজায় অনুষ্ঠিত ‘ফুটপ্রো এক্সপো’ কনফারেন্সে কথা বলার সময় জাউদ জানান, সিবিএফ এবং আনচেলত্তির আইনজীবীরা নতুন চুক্তির বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন।

চলতি বছরের বিশ্বকাপের পরও নিজের পদে বহাল থাকার ইচ্ছা আনচেলত্তি বারবারই প্রকাশ করেছেন।

বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১৮ মে রিও ডি জেনেরিওতে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে আনচেলত্তির। এরপর ৩১ মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপের উদ্দেশ্যে যাত্রা করবে ব্রাজিল দল। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।